ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বেড়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান, জরিমানা ও কারাদণ্ড

পাবনার বেড়া উপজেলায় ভেজাল দুধ উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন দায়ী ব্যক্তিকে আটক করেছে এবং শাস্তি প্রদান করেছে।সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় পেচাকোলা এলাকার সরকারপাড়া ও ঘোষপাড়ায় অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এর আগের দিনও অভিযান চালানো হয়েছিল, কিন্তু অভিযুক্তকে ধরতে ব্যর্থ হন। সোমবার ভোর থেকে ওঁত পেতে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।অভিযানকালে অভিযুক্ত ব্যক্তি ড্রামে রাখা নকল দুধ ফেলে পালানোর চেষ্টা করলেও প্রশাসনের সতর্কতায় তা ব্যর্থ হয়। কারখানায় থেকে উদ্ধার করা হয়েছে ছানার পানি, ক্রিম, সাবানের গুঁড়া, আটা, ডালডা, পাম ওয়েলসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য।আটক ব্যক্তি জয়দেব স্বীকার করেছেন, তিনি ১২ বছরের বেশি সময় ধরে ভেজাল দুধ তৈরি ও সরবরাহ করে আসছিলেন। নকল দুধটি বিভিন্ন মিষ্টির দোকান ও দুগ্ধজাত দ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বিক্রি হতো।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় তাকে দুই লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বেড়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান, জরিমানা ও কারাদণ্ড