পাবনায় নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত ছেলে আটক
পাবনার আটঘরিয়ায় পারিবারিক কলহের জেরে নিজ পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ছেলে কামরুল ইসলামকে (৩২) স্থানীয়দের সহায়তায় আটক করেছে।নিহত ব্যক্তির নাম লোকমান হোসেন (৫৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোকমান হোসেনের ছেলে কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই তিনি বাড়িতে ঝগড়া ও বিশৃঙ্খলা সৃষ্টি করতেন।ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার দুপুরে বাবা লোকমান হোসেনের সাথে ছেলে কামরুলের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কামরুল উত্তেজিত হয়ে ঘরের ভেতর থাকা ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই লোকমান হোসেনের মৃত্যু হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘাতক কামরুল পালানোর চেষ্টা করেন, তবে স্থানীয়রা তাকে ধরে ফেলে পুলিশে খবর দেয়।আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, আটক কামরুল একজন চিহ্নিত মাদকাসক্ত। ইতিপূর্বেও তিনি টাকার জন্য তার বাবাকে একাধিকবার মারধর করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নেশার টাকার দাবিতে বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবার ও স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।