ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

একই পরিবারের ৪ জনকে গাছে বেঁধে নির্যাতন

নাটোরের বড়াইগ্রামে সোনার গহনা নিয়ে প্রতারণার অভিযোগে একই পরিবারের দুই নারীসহ চারজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বড়াইগ্রাম পৌর এলাকার মৌখাড়া কদমতলা মহল্লায় সাবেক কাউন্সিলর মহরমের ছেলে বিদ্যুতের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার বিকেলে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নির্যাতনের শিকার চারজন হলেন— বাবা (৬০), মা (৫০), ছেলে (২৬) ও ছেলের বউ (২২)।স্থানীয় সূত্রে জানা যায়, বড়াইগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড গোয়ালফা কদমতলা এলাকার বাসিন্দা বাদশার স্ত্রী প্রতিবেশী মতিন সরকার ও জুয়েলের স্ত্রী এবং টুটুলের মায়ের কাছ থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে কিছু সোনার গহনা ধার নেন। ধার নেওয়া গহনা বারবার ফেরত চাওয়া হলেও ১২ দিন পার হলেও তা ফেরত দেওয়া হয়নি। সর্বশেষ বুধবার দুপুরে গহনা ফেরত চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।একপর্যায়ে বিষয়টি মীমাংসার কথা বলে সংশ্লিষ্টদের সাবেক কাউন্সিলর মহরমের ছেলে বিদ্যুতের বাড়িতে নেওয়া হয়। সেখানে গহনা ফেরত দেওয়া নিয়ে পুনরায় উত্তেজনা দেখা দিলে উপস্থিত কয়েকজন বাদশা, তার স্ত্রী, বাদশার বাবা ও শাশুড়িকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে ধার নেওয়া গহনা ফেরত দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, ঘটনাটি শোনার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়েছে। তবে গাছে বেঁধে রাখা ও নির্যাতনের বিষয়ে কেউ অভিযোগ করেনি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।

একই পরিবারের ৪ জনকে গাছে বেঁধে নির্যাতন