জামালপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বকশীগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ নাজমুল হক ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন।যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক সোনাহার আলী, মেরুচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং নেতা সালামত উল্লাহ ও হামিদুর রহমান। যোগদানকারী মজিবুর রহমান জানান, দীর্ঘ ১৫ বছর ত্যাগ স্বীকার করেও বর্তমানে দলে সঠিক মূল্যায়ন না পাওয়া এবং বিগত সরকারের ঘনিষ্ঠদের বিএনপিতে গুরুত্ব পেতে দেখে ক্ষোভ থেকে তিনি দল পরিবর্তন করেছেন।তবে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এই ঘটনাকে নির্বাচনে প্রভাব ফেলার মতো গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, যারা দল ত্যাগ করেছেন তারা বিএনপির উল্লেখযোগ্য কেউ নন এবং দলে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন না। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি আদেল ইবনে আউয়ালসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।