ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন: রশীদ আহমাদ

যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপির প্রার্থী রশীদ আহমাদের একটি নির্বাচনী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি হিন্দু অধ্যুষিত ভবদহ এলাকায় নির্বাচনী পথসভায় তিনি বলেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন। রশীদ আহমাদ ভোটারদের উদ্দেশে আরও বলেন যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নেই তাই তারা যেন ধানের শীষে ভোট দেন।রশীদ আহমাদ মূলত জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। তবে দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মো. ওয়াক্কাসের ছেলে। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে দেখা যায় যে জিয়াউর রহমান যেমন নিষিদ্ধ দলগুলো চালু করেছিলেন তারেক রহমানও ক্ষমতায় এলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন যাতে সবাই নিজ নিজ আদর্শ অনুযায়ী কাজ করতে পারে।ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত এবং কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর এই বক্তব্যকে সচেতন মহল ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কাণ্ডজ্ঞানহীন বলে অভিহিত করছেন। অনেকের মতে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজের দিকে টানার কৌশল হিসেবে তিনি এই বিতর্কিত প্রতিশ্রুতি দিয়েছেন। তবে রশীদ আহমাদের দাবি তার বক্তব্যটি ছিল মূলত নিরপরাধ নেতাকর্মীদের উদ্দেশ্যে কারণ তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। তিনি অভিযোগ করেছেন যে তার প্রতিপক্ষরা ভোটের মাঠে ফায়দা লুটতে এই বক্তব্য নিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করছে।

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন: রশীদ আহমাদ