ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাগেরহাটে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনীসহ যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে এই সংঘর্ষ সংঘটিত হয়। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নারী ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদানের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন জখম হন। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম এবং জামায়াত প্রার্থী মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা প্রদানের পাশাপাশি তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।এছাড়া যৌথ বাহিনীর অভিযানে হাতুড়ি, চাকু ও হাসুয়াসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে বাগেরহাট শহরের হাড়িখালী কাঠেরপুল এলাকার একটি ফার্নিচার দোকান থেকে এসব অস্ত্র জব্দ করা হয়। এর পাশাপাশি জেলার কচুয়া উপজেলার বিস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা থেকে পাঁচটি দেশীয় অস্ত্রসহ নাহিদ ইসলাম নামে এক যুবককে পুলিশ আটক করেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

বাগেরহাটে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষে আহত ১৫