জমির আইল কাটা নিয়ে বিরোধ: টাঙ্গাইলে প্রতিবেশীর মার/ধরে কৃষকের মৃ/ত্যু
টাঙ্গাইলের বাসাইলে জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর মারধরে আনছার মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালে উপজেলার কলিয়া সিকদারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনছার মিয়া ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসমত উল্লাহ স্থানীয়দের বরাতে জানান, আনছার মিয়া বাড়ির পাশের ধনিয়া ক্ষেতের আইল কাটার সময় প্রতিবেশী লেবু মেলেটারী সেখানে গিয়ে তাকে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এতে আনছার মিয়া মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জেরে ছোট ভাই আলমের লাঠির আঘাতে বড় ভাই শাহীনের মৃত্যু হয়েছে। গত ৩০ জানুয়ারি উপজেলার নাগবাড়ী গ্রামে রান্নাঘরের টিন ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে ছোট ভাই আলম লাঠি দিয়ে শাহীনের মাথায় সজোরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলের ধনবাড়ীতে নিখোঁজের সাতদিন পর মিম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৃথক এই ঘটনাগুলোকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোক ও উত্তেজনা বিরাজ করছে।