কক্সবাজারের রামুতে গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের জন্য ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা নির্বাচন অফিস, রামু’র ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তন (বাঁকখালী), রামুতে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। তিনি নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন—স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা। তিনি বলেন, এসব নীতি অনুসরণ করলেই একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিজাম উদ্দিন আহমদ এবং জেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আজিজ।ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী।ব্রিফিং চলাকালে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আচরণবিধি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার কৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।এ সময় ভোটকেন্দ্রসমূহে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে আইন-শৃঙ্ঙ্খলা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণের বিষয়টিও তুলে ধরা হয়। বডি ওর্ন ক্যামেরার ব্যবহারিক সুবিধা, কার্যকারিতা এবং নির্বাচনকালীন স্বচ্ছতা নিশ্চিতকরণে এর ভূমিকা সম্পর্কে ভোটগ্রহণ কর্মকর্তাদের অবহিত করা হয়। ব্রিফিং শেষে অতিথিবৃন্দ রামু উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।