পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনী সদস্য নিহত, আহত ১
চট্টগ্রামের পটিয়ায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় নাজমুস শাকিব নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সকালে পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ি গেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মো. ইকরাম নামে নৌবাহিনীর আরও এক সদস্য গুরুতর আহত হয়েছেন। তারা দুজনেই চট্টগ্রামের পতেঙ্গা নৌঘাঁটিতে কর্মরত ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটির দিনে মোটরসাইকেলে করে পতেঙ্গা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন নাজমুস শাকিব ও মো. ইকরাম। পথে পটিয়া বাইপাস সড়কে পৌঁছালে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নাজমুস শাকিবের মৃত্যু হয়। স্থানীয়রা আহত ইকরামকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হারুনুর রশিদ জানান, ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে, দুর্ঘটনাটি হানিফ পরিবহনের একটি বাসের মাধ্যমে ঘটেছে। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।