চট্টগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মো. নাসিম উদ্দিন নামের এক হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বোয়ালখালী থানায় মামলাটি রেকর্ড করা হয়। এর আগে গত মঙ্গলবার ভুক্তভোগীর ভাই এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযুক্ত চিকিৎসক মো. নাসিম উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত। পাশাপাশি তিনি বোয়ালখালী জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার ফুলতলে অবস্থিত ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে ঘটনাটি ঘটে।অভিযোগকারী মো. ইসমাইল হোসেন জানান, ওইদিন তার বোন শ্বশুরকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যান। স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক শ্বশুরকে চেম্বার থেকে বের হয়ে যেতে বলেন এবং ওষুধ বুঝিয়ে দেওয়ার কথা বলে তার বোনকে একা চেম্বারে থাকতে বলেন।অভিযোগে উল্লেখ করা হয়, এরপর চিকিৎসক ওষুধ বুঝিয়ে দেওয়ার কথা বলার আড়ালে ওই নারীকে অপ্রাসঙ্গিক ও অশালীন প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে যৌন উদ্দেশ্যে জোরপূর্বক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। পরিস্থিতি বুঝতে পেরে ওই নারী দ্রুত চেম্বার থেকে বের হয়ে আসেন।অভিযোগকারী আরও জানান, সামাজিক সম্মান ও পারিবারিক মর্যাদার কথা বিবেচনা করে তার বোন প্রথমে ঘটনাটি কাউকে জানাননি। তবে ২২ ডিসেম্বর একই চিকিৎসকের কাছে শ্বশুরকে পুনরায় চিকিৎসার প্রসঙ্গ উঠলে তিনি পরিবারের কাছে পুরো ঘটনা প্রকাশ করেন। এরপর ২৩ ডিসেম্বর রাতে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।ভুক্তভোগীর ভাই মো. ইসমাইল হোসেন বলেন, লিখিত অভিযোগে তার বক্তব্য বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এবং থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. মো. নাসিম উদ্দিনের বক্তব্য জানতে গত দুই দিন ধরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। খুদেবার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।