মতলবে পাগলা কুকুরের তাণ্ডব: শিশুসহ আহত ১৮, এলাকায় চরম আতঙ্ক
চাঁদপুরের মতলব পৌরসভায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার ৪নং ওয়ার্ডের চরমুকন্দি এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, হঠাৎ একটি পাগলা কুকুর পথচারী ও শিশুদের ওপর চড়াও হয়। কুকুরের কামড়ে আহতদের মধ্যে অধিকাংশই শিশু।আহতদের দ্রুত উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আক্রান্তদের তালিকায় রয়েছেন — রাফি (৭), ফরহাদ (৮), আশরাফুল (৬), শান্ত (৬), হোসাইন (৬), নাফিজা আক্তার (১২), অর্পণ (৬), জাহিদ (২৬), নবীর (২২), হোসাইন (৩), আমির হামজা (৭), জিহানা (৮), জারা (৩) এবং শাফায়াত (৫)। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় বাসিন্দা মিজান পাটোয়ারী ও শামীম দেওয়ান অভিযোগ করে বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পৌরসভা থেকে নিয়মিত কোনো কার্যকর ব্যবস্থা বা কুকুর নিয়ন্ত্রণ কর্মসূচি না থাকায় এই উপদ্রব এখন জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাঁরা দ্রুত এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রায়হান জানান, উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় ভ্যাকসিনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আহতদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। চিকিৎসকরা নিরলসভাবে পরিস্থিতি মোকাবিলা করছেন।মতলব পৌরসভার সচিব সাইফুর রহমান বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি অবগত হয়েছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিতে শিগগিরই প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।