পাথরঘাটায় বিএনপি কর্মীর বিরুদ্ধে নারীদের গালমন্দসহ জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ
বরগুনার পাথরঘাটা উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতার ওপর হামলা ও পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর এক সমর্থক স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।আহত নাসির উদ্দিন সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক। অভিযুক্ত নুর আলম একই ইউনিয়নের বাসিন্দা এবং বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনির সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জামায়াতে ইসলামীর তিন থেকে চারজন নারী কর্মী দলীয় প্রচারণার কাজে রুহিতা এলাকায় নুর আলমের বাড়ির সামনে যান। এ সময় নুর আলম তাদের উদ্দেশ্যে গালমন্দ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেয়ে নাসির উদ্দিন ঘটনাস্থলে পৌঁছান। এরপর নুর আলমের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে হামলার শিকার হন নাসির উদ্দিন। এতে তার ডান পা ভেঙে যায় বলে দাবি করা হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহত নাসির উদ্দিন বলেন, আমাদের নারী কর্মীরা দাওয়াতি কাজের সময় গালমন্দের শিকার হলে আমি ঘটনাস্থলে যাই। আমার উপস্থিতি দেখেই নুর আলম আরও ক্ষিপ্ত হয়ে গালমন্দ করে এবং হামলা চালিয়ে আমার পা ভেঙে দেয়। নির্বাচন শুরুর আগেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।এ বিষয়ে অভিযুক্ত নুর আলমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।