ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ‘ক্যারিয়ার সেন্টার’ চালুর নির্দেশ ভিসির

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের দক্ষ, কর্মমুখী ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে সব কলেজে ‘ক্যারিয়ার সেন্টার’ চালুর নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।সোমবার (১৭ আগস্ট) সকালে ঢাকার লালমাটিয়া সরকারি মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত ‘ব্রিজিং অ্যাসপিরেশন টু অ্যাচিভমেন্ট’ শীর্ষক ক্যারিয়ার সেন্টার প্রকল্পের গ্র্যাজুয়েশন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) ও লালমাটিয়া সরকারি মহিলা কলেজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ক্যারিয়ার সেন্টারগুলো শুধু চাকরির প্রস্তুতির জায়গা হিসেবে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এসব সেন্টারের সঙ্গে ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম যুক্ত করা হবে।শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ করে তুলতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এআই, রোবোটিকস, ডেটা সায়েন্স ও হসপিটালিটি ম্যানেজমেন্টের মতো চাহিদানির্ভর বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।মফস্বলের কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ভিসি বলেন, শিক্ষা ও উন্নয়ননীতির শহরকেন্দ্রিকতা ভেঙে প্রত্যন্ত ও মফস্বল অঞ্চলের কলেজগুলোর শিক্ষার মান উন্নত করা অন্যতম প্রধান লক্ষ্য।তিনি জানান, এ লক্ষ্য সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠনের পাশাপাশি ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, ভাষাগত সক্ষমতা, নেতৃত্ব এবং সমস্যা সমাধানের মতো গুরুত্বপূর্ণ সফট স্কিল অর্জনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে কর্মক্ষেত্রের সরাসরি সেতুবন্ধন তৈরিতেও ক্যারিয়ার সেন্টার ভূমিকা রাখবে।অনুষ্ঠানে রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়, কলেজের শিক্ষক ও কর্মকর্তাসহ বিওয়াইএলসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ‘ক্যারিয়ার সেন্টার’ চালুর নির্দেশ ভিসির