ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোঃ ইউনুস আলী

মোঃ ইউনুস আলী

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধা


গাইবান্ধার সাদুল্লাপুরে আলুর বাম্পার ফলন, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কৃষকরা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে স্বস্তির হাসি ফুটেছে। গত মৌসুমে আলু চাষে ব্যাপক লোকসানের মুখে পড়লেও এ বছর ফলন ভালো হওয়ায় সেই ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় চাষিরা।উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, এ বছর অনুকূল আবহাওয়া, সময়মতো বপন এবং সঠিক পরিচর্যার কারণে আলুর আবাদ ভালো হয়েছে। অনেক জমিতে গড়ে তুলনামূলক বেশি ফলন মিলছে বলে কৃষকরা জানিয়েছেন। ফলে উৎপাদন ব্যয় ও সম্ভাব্য বাজারদর বিবেচনায় কৃষকদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।স্থানীয় কৃষক মোঃ জনি মিয়া বলেন, গত বছর আলুর দাম কম থাকায় এবং ফলন আশানুরূপ না হওয়ায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হন। তবে এ বছর বাম্পার ফলনের কারণে কৃষকদের মাঝে অনেক স্বস্তি ফিরেছে। তিনি জানান, এখন কৃষকেরা ন্যায্য বাজারদরের প্রত্যাশায় রয়েছেন। বাজারদর সহনীয় ও স্থিতিশীল থাকলে আগামী মৌসুমে আলু চাষে নতুন করে আগ্রহ বাড়বে বলেও মনে করছেন তারা।এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক জানান, গত বছরের তুলনায় এ বছর তুলনামূলক কম সার ব্যবহার করেও আলুর ফলন বেশি হয়েছে। তিনি বলেন, মাটির উর্বরতা, উন্নত বীজের ব্যবহার এবং সঠিক পরামর্শ অনুসরণ করায় এ সাফল্য এসেছে। কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে এবং কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই তুলনামূলক কম হওয়ায় ফলন ভালো হয়েছে। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শ ও তদারকিও এতে সহায়ক ভূমিকা রেখেছে। সামগ্রিকভাবে চলতি মৌসুমে আলুর ভালো ফলন সাদুল্লাপুর উপজেলার কৃষকদের মধ্যে নতুন করে আশা ও স্বস্তির সঞ্চার করেছে। এখন কৃষকদের একমাত্র প্রত্যাশা- ন্যায্য বাজারদর নিশ্চিত হলে তারা চলতি মৌসুমের লাভ দিয়ে আগের ক্ষতি পুষিয়ে নিয়ে আগামী দিনে আরও পরিকল্পিতভাবে চাষাবাদে মনোযোগ দিতে পারবেন।

গাইবান্ধার সাদুল্লাপুরে আলুর বাম্পার ফলন, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কৃষকরা