ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অলিউর রহমান মিরাজ

অলিউর রহমান মিরাজ

নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি


নবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৬ এপ্রিল, ২০২৬) বিকাল সাড়ে ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে র‍্যালি, আলোচনা সভা এবং পুষ্টি সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। র‍্যালিতে স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা পুষ্টিকর খাদ্য গ্রহণ ও পুষ্টিহীনতা দূরীকরণের নানা বার্তা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান। তিনি বলেন, একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনের জন্য পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু, কিশোরী এবং গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে আরও বেশি সচেতনতা তৈরি করতে হবে। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি পরিবার পর্যায়ে সচেতনতা বৃদ্ধি না পেলে পুষ্টিহীনতা পুরোপুরি দূর করা সম্ভব নয়।স্বাগত বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বলেন, পুষ্টি শুধু খাদ্যের বিষয় নয়, এটি একটি সুস্থ জীবনের ভিত্তি। সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলেই ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সক্ষম হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি জাতীয় পুষ্টি সপ্তাহের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, মেডিকেল অফিসারবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স, স্থানীয় সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।আলোচনা সভায় বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবার অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পুষ্টিহীনতা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে, যা দীর্ঘমেয়াদে একটি জাতির উন্নয়নেও প্রভাব ফেলে। তাই পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।উদ্বোধনী অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল পুষ্টি ঝুড়ি বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে কয়েকজন সুবিধাভোগীর মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী সম্বলিত ঝুড়ি বিতরণ করা হয়, যা পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরাসরি সহায়তা হিসেবেও ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে, যার মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে আরও বিস্তৃত সচেতনতা গড়ে তোলা হবে।

নবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন