আজকের বাজারে স্বর্ণের দাম কত ?
বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবি স্বর্ণ) দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে স্বর্ণের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্যহার অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩১ জুলাই প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। নতুন এ দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং বুধবার (৫ আগস্ট) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানেও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে নির্ধারিত হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে, ২৮ জুলাই স্বর্ণের দাম সমন্বয় করে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৯৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৭ দফায় দাম বেড়েছে, ৪৯ দফায় কমেছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।