প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন সারজিস
ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে দেশের বিভিন্ন খাতে অনিয়ম, চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের প্রকৃত চিত্র জানতে প্রধানমন্ত্রীর প্রতি ছদ্মবেশে মাঠপর্যায়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, কোনো পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে বর্জ্য ব্যবস্থাপনার বাস্তব অবস্থা যাচাই করেছেন প্রধানমন্ত্রী। এ সময় অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।সারজিস আলমের মতে, বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান সংকটের জন্য কেবল কয়েকজন ব্যক্তি নয়, বরং একটি বৃহত্তর প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দায়ী। তবু বাস্তব পরিস্থিতি জানতে সরাসরি মাঠে গিয়ে পরিদর্শনের উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।ফেসবুক পোস্টে তিনি লেখেন, সমস্যার জন্য দায়ী পুরো ব্যবস্থার সবাই শাস্তির আওতায় না এলেও এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।তিনি আরও বলেন, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক সেবার মান উন্নয়নে শীর্ষ পর্যায়ের আকস্মিক পরিদর্শন কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলা অন্যান্য সমস্যার দিকেও সরকারের নজর দেওয়া প্রয়োজন।
পোস্টের শেষাংশে সারজিস আলম চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি ছদ্মবেশে মাঠে গিয়ে অভিজ্ঞতা নেওয়ার আহ্বান জানান।