ওসমানীনগরের সাংবাদিক হারুন রশিদের দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
ওসমানীনগরের সাংবাদিক হারুন রশিদের দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি।জনপ্রিয় ফেসবুক পেজ ‘মায়ার টিভি’র পরিচালক এবং তাজপুর ইউনিয়ন বিএনপির সাহিত্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হারুন রশিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার ভোর ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।তার অকাল প্রয়াণে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কদমতলা শাহী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে বড়ায়া কাজিরগাঁও পঞ্চায়েতি কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।তিনি ৪ পুত্র, ১ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের বড়ায়া কাজিরগাঁও গ্রামের মরহুম মোঃ এলাইচ মিয়ার পুত্র।পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১ মে) ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস. টি. এম. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সমাজসেবী আব্দাল মিয়া, ছইদুর রহমান চৌধুরী, ইমাম সমিতির সভাপতি মুনতাছিম বিল্লাহ জালালী, সাংবাদিক সুহেবুর রহমান এবং মরহুমের চাচা বশির মিয়া।পরে সাংবাদিক, রাজনৈতিক, পরিবহন ও সামাজিক মহলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লির উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়।সাংবাদিক হারুন রশিদ সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।শোক প্রকাশ-সাংবাদিক হারুন রশিদের মৃত্যুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, ওসমানীনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, ওসমানীনগর প্রেসক্লাব, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব, সিলেট জেলা মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, ইরশাদ আলী শপিং সিটি ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।