রামিসা ধর্ষণ-হত্যা মামলার যুক্তিতর্ক আজ
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া আলোচিত মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকীনের আদালতে শুনানি শেষে মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হতে পারে।বুধবার আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৪ জুন দিন ধার্য করেন।আদালত সূত্র জানায়, বুধবার প্রধান আসামি সোহেল রানা ও অপর আসামি তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় বিচারক মামলার সাক্ষ্য, ভিডিও প্রমাণ ও বিভিন্ন আলামতের বিষয়গুলো আসামিদের সামনে তুলে ধরেন। সেখানে রামিসাকে খোঁজার ঘটনা, সন্দেহভাজন ফ্ল্যাট শনাক্তকরণ, রক্তের আলামত উদ্ধার এবং শিশুটির মরদেহ উদ্ধারের বিষয় উল্লেখ করা হয়। পাশাপাশি অভিযোগ অনুযায়ী স্বপ্না আক্তার সোহেল রানাকে পালাতে সহায়তা করেছিলেন বলেও আদালতে উপস্থাপন করা হয়।এ সময় বক্তব্য দিতে গিয়ে সোহেল রানা নিজের অপরাধের কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করেন এবং দাবি করেন, তার স্ত্রী নির্দোষ। তবে বিচারক তাকে নিজের বিষয়ে বক্তব্য দিতে বলেন।পরে স্বপ্না আক্তারের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত তাকে সতর্ক করে জানান, তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে একই ধরনের শাস্তির মুখোমুখি তাকেও হতে হতে পারে। এরপরও তিনি নিজের নির্দোষিতার দাবি বজায় রাখেন।দুই আসামির বক্তব্য রেকর্ড করার পর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।মামলায় চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। ভুক্তভোগী শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লার সাক্ষ্যের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু হয়। পরে শিশুটির মা, বোন, স্বজন, প্রতিবেশী, পুলিশ সদস্য, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট এবং তদন্ত কর্মকর্তাসহ একাধিক সাক্ষী আদালতে জবানবন্দি দেন।
আজকের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।