ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: বিমান প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, দেশের বিমান ও পর্যটন খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার একাধিক বড় প্রকল্প বাস্তবায়ন করছে।শনিবার (২ মে) জামালপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বিমানের বহর সম্প্রসারণের অংশ হিসেবে নতুন করে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করা হবে।তিনি বলেন, “বাংলাদেশ বিমানকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। পাশাপাশি প্রতি বছর প্রায় তিন কোটি বিদেশি পর্যটক আকর্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।”হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এ বছর হজযাত্রীদের বিমান ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে। ভবিষ্যতে এ ভাড়া আরও কমানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া হজযাত্রীদের ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা কমাতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।অনুষ্ঠানে নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ, সুশৃঙ্খল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্কুল-কলেজ পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে আরও বিস্তৃত করা হচ্ছে।এর আগে জামালপুরে আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করা হয়। “স্বপ্নের পথে, বিজয়ের পথে” স্লোগানে আয়োজিত এই ক্রীড়া অনুষ্ঠানে প্রায় সাত শতাধিক খেলোয়াড় অংশ নেয়। আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলার তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় বলে আয়োজকরা জানান।