ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু ২৬ এপ্রিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। নির্ধারিত ওয়েবসাইটে (https://bau.edu.bd/ug_admission⁠�) প্রবেশ করে পিন ও রোল নম্বর ব্যবহার করে লগইন করতে হবে।অনলাইনে প্রবেশের পর শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য প্রদান, পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে জমা দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম, সার্টিফিকেট চেকলিস্ট এবং পে-স্লিপ তৈরি হবে। এসব ফরম ডাউনলোড করে এফোর সাইজ কাগজে প্রিন্ট করে ভর্তি কার্যক্রমের দিনে জমা দিতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৬, ২৭, ২৮ ও ২৯ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের সরাসরি উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত চার দিনের মধ্যে যেকোনো দিনে শিক্ষার্থীরা তাদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারবে।এবার বাকৃবিতে ভর্তি ও অন্যান্য আনুষঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২১৪ টাকা। তবে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে অনলাইনে ১০ হাজার টাকা প্রদান করেছেন, তাদের আলাদা করে নগদ অর্থ প্রদান করতে হবে না। অনলাইনে জমা দেওয়া অর্থ থেকে ভর্তি ফি কেটে নেওয়ার পর বাকি টাকা শিক্ষার্থীদের পূবালী ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।ভর্তির দিনে শিক্ষার্থীদের জন্য কিছু নির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে রাখা, নির্ধারিত ফরমে ডিন, প্রক্টর ও প্রভোস্টের স্বাক্ষর সংগ্রহ করা এবং নির্ধারিত বুথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া।সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষদভিত্তিক বুথ স্থাপন করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের ভর্তি ফরম যাচাই ও রেজিস্ট্রার স্বাক্ষর গ্রহণ করা হবে। জমা দিতে হবে ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম এবং সার্টিফিকেট চেকলিস্টের দুই কপি।এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্রও জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সব কাগজপত্র সঠিকভাবে যাচাইয়ের পরই ভর্তি চূড়ান্ত করা হবে।বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, অনলাইন ও অফলাইন দুই ধাপে সমন্বিত এই ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য স্বচ্ছ ও সহজ করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। একই সঙ্গে সময়মতো প্রক্রিয়া শেষ করার জন্য নির্ধারিত সময়সীমা কঠোরভাবে অনুসরণ করা হবে।দেশের অন্যতম প্রধান কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে বাকৃবিতে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সীমিত আসনের বিপরীতে প্রতিযোগিতা বেশি হওয়ায় ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়।

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু ২৬ এপ্রিল