তনু হত্যা মামলায় ফের গ্রেফতার সাবেক সেনাসদস্য হাফিজুর
তনু হত্যা মামলায় ফের গ্রেফতার সাবেক সেনাসদস্য হাফিজুরকুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।শনিবার (৮ আগস্ট) ভোরে ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার (মিডিয়া) আবু ইউসুফ। তিনি জানান, আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে পুলিশের প্রতি গ্রেফতারের নির্দেশ থাকায় হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করা হয়েছে।পিবিআই জানায়, আদালতের নির্দেশের পর আসামির পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।এর আগে গত ২২ এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।এরপর ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে।আদালতের ওই নির্দেশের পর শনিবার ভোরে হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করে পিবিআই।