ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পাহাড়ে নিরাপদ পানির নতুন ঠিকানা, লুংলেই পাড়ায় সৌরচালিত পাম্প উদ্বোধন

পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ি জনপদের মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম লুংলেই পাড়ায় স্থাপন করা হয়েছে একটি সৌরচালিত সুপেয় পানির পাম্প। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি। তিনি নামফলক উন্মোচনের মাধ্যমে পাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, লুংলেই পাড়ার নারী-পুরুষ, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নয়, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ পানির সংকট স্থানীয় মানুষের অন্যতম বড় সমস্যা ছিল। সেই কষ্ট লাঘব করতেই এই সৌরচালিত পানির পাম্প স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয়দের নিরাপদ পানির চাহিদা পূরণ হবে এবং জনস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পাম্পটি চালু হওয়ার পর লুংলেই পাড়াজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন পাহাড়ি ঢাল বেয়ে অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হতো। এখন বাড়ির কাছেই নিরাপদ পানির ব্যবস্থা হওয়ায় তাদের দৈনন্দিন দুর্ভোগ অনেকটাই কমে যাবে।পাড়াবাসী বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষায়, এই প্রকল্প শুধু সুপেয় পানির ব্যবস্থা করেনি, বরং তাদের জীবনকে আরও সহজ ও নিরাপদ করেছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পাহাড়ে নিরাপদ পানির নতুন ঠিকানা, লুংলেই পাড়ায় সৌরচালিত পাম্প উদ্বোধন