ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যে তিন কারণে দোয়া কবুল হয় না

ইসলামে দোয়া মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। বিপদ-আপদ থেকে মুক্তি, মানসিক প্রশান্তি কিংবা কোনো প্রয়োজন পূরণের আশায় মানুষ মহান আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বান্দা যখন তাঁকে ডাকে, তখন তিনি তার ডাকে সাড়া দেন। সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথ পায়।’হাদিসের বর্ণনা অনুযায়ী, দোয়া সাধারণত তিনভাবে কবুল হয়। কোনো কোনো ক্ষেত্রে বান্দা যা চায় তা সরাসরি তাকে দেওয়া হয়। কখনও দোয়ার বরকতে সমপরিমাণ বিপদ বা অকল্যাণ দূর করে দেওয়া হয়। আবার কোনো কোনো দোয়ার প্রতিদান আখিরাতের জন্য সংরক্ষিত রাখা হয়।তবে রাসুলুল্লাহ (সা.)-এর বিভিন্ন হাদিসে এমন কিছু কারণ উল্লেখ করা হয়েছে, যেগুলোর কারণে দোয়া কবুল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।প্রথমত, দোয়ার সময় মনোযোগ ও আন্তরিকতার অভাব। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং জেনে রাখতে হবে যে উদাসীন ও অমনোযোগী অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না। (সুনান আত-তিরমিজি, হাদিস: ৩৪৭৯)। অন্য এক হাদিসে তিনি বলেন, মানুষ যখন তাড়াহুড়ো করে বলতে শুরু করে যে সে দোয়া করেছে কিন্তু তা কবুল হয়নি, তখন তার দোয়া গ্রহণে বাধা সৃষ্টি হয়। (সহিহ মুসলিম, হাদিস: ৬৮২৭)দ্বিতীয়ত, গুনাহের কাজে সহায়তা করে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার উদ্দেশ্যে দোয়া করা। জাবির (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো ব্যক্তি যদি গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য দোয়া না করে, তবে আল্লাহ হয় তার চাওয়া পূরণ করেন, নয়তো তার সমপরিমাণ অকল্যাণ দূর করে দেন। (সুনান আত-তিরমিজি, হাদিস: ৩৩৮১)তৃতীয়ত, হারাম উপার্জন। ইসলামে হালাল জীবিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র বস্তু ছাড়া কিছু গ্রহণ করেন না।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৩৬)। তাই হারাম উপার্জনে লিপ্ত ব্যক্তির দোয়া কবুল না হওয়ার বিষয়ে হাদিসে সতর্ক করা হয়েছে।দোয়া কবুলের প্রত্যাশায় তাই মুমিনের উচিত আন্তরিকতা ও একাগ্রতার সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করা, গুনাহ থেকে বিরত থাকা এবং হালাল উপার্জনের প্রতি যত্নশীল হওয়া।#আর ইউ এস

যে তিন কারণে দোয়া কবুল হয় না