ডেভিস-জেকো ছাড়াই বিশ্বকাপের লড়াইয়ে কানাডা ও বসনিয়া
দুই দলের অন্যতম নির্ভরযোগ্য তারকাকে ছাড়াই ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারায় কানাডার স্কোয়াডে জায়গা হয়নি আলফন্সো ডেভিসের। অন্যদিকে অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকোকে শুরুর একাদশে রাখেনি বসনিয়া।হ্যামস্ট্রিং চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ডেভিসকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি স্বাগতিক কানাডা। তবে নিজেদের মাঠে খেলার বাড়তি সুবিধা এবং দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে আত্মবিশ্বাসী দলটি। দর্শকদের সমর্থনকে শক্তিতে পরিণত করে টুর্নামেন্টে ইতিবাচক সূচনার লক্ষ্য তাদের।কানাডার আক্রমণভাগের প্রধান ভরসা জোনাথন ডেভিড। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ডের দিকেই তাকিয়ে থাকবে স্বাগতিকরা। তার সঙ্গে আক্রমণে দায়িত্ব পালন করবেন তানি ওলুওয়াসে এবং তাজন বুকানন।অন্যদিকে বসনিয়া-হার্জেগোভিনা দলে মূল একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ এডিন জেকোকে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে গড়া দলটি কানাডার বিপক্ষে ইতিবাচক ফল নিয়েই ম্যাচ শেষ করতে চায়।কানাডার একাদশে রয়েছেন গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপিউ। তার সামনে রক্ষণভাগে খেলছেন অ্যালিস্টার জনস্টন, লুক ডি ফুগেরোলেস, ডেরেক কর্নেলিয়াস ও রিচি লারিয়া। মাঝমাঠে দায়িত্বে আছেন স্টিফেন ইউস্তাকিও, ইসমাইল কোনে ও লিয়াম মিলার। আক্রমণে থাকছেন জোনাথন ডেভিড, তানি ওলুওয়াসে এবং তাজন বুকানন।বসনিয়া-হার্জেগোভিনার গোলবার সামলাচ্ছেন নিকোলা ভাসিলজ। রক্ষণভাগে আছেন তারিক মুহারেমোভিচ, সাইদ কোলাসিনাক, অমর দেদিক ও নিকোলা কাতিচ। মাঝমাঠে খেলছেন ইভান বেসিক, বেঞ্জামিন তাহিরোভিচ ও অমর মেমিচ। আক্রমণভাগে দায়িত্ব পেয়েছেন এরমেদিন দেমিরোভিচ, এসমির বাজরাকতারেভিচ এবং জোভো লুকিক।বিশ্বকাপের মঞ্চে দুই দলের এই লড়াই তাই শুধু তিন পয়েন্টের জন্য নয়, বরং তারকাবিহীন অবস্থায় নিজেদের সামর্থ্য প্রমাণেরও একটি বড় পরীক্ষা হয়ে উঠেছে। স্বাগতিক কানাডা যেখানে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চায়, সেখানে বসনিয়া-হার্জেগোভিনা চাইবে দলগত পারফরম্যান্সের মাধ্যমে শক্ত প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে।#আর ইউ এস