২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে দেশের সব পরীক্ষা কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ব্যবস্থার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিস্তারিত তথ্যও পাঠাতে বলা হয়েছে।সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।চিঠিতে বলা হয়, পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) ও নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (এনভিআর) সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগের আওতায় রাখতে হবে। পাশাপাশি প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারী ও ট্যাগ কর্মকর্তাদের তথ্য জরুরি ভিত্তিতে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।নির্দেশনা অনুযায়ী, সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড এবং ডিভাইসের সিরিয়াল নম্বর জমা দিতে হবে। এছাড়া ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র সংগ্রহে নিয়োজিত ব্যক্তিদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরও পাঠাতে হবে।এসব তথ্য আগামী ৮ জুনের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।