গুলির অভিযোগে হলিউড অভিনেতা ইথান জেমিসন গ্রেপ্তার
হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হলিউড অভিনেতা ইথান জেমিসন। জনপ্রিয় চলচ্চিত্র ‘দ্য হাঙ্গার গেমস’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতাকে গত ৮ এপ্রিল গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।১৫ এপ্রিল প্রকাশিত ম্যাগাজিন পিপলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নথিপত্রে ইথানের বিরুদ্ধে প্রাণনাশের উদ্দেশ্যে মারাত্মক অস্ত্র ব্যবহার করে হামলার অভিযোগ আনা হয়েছে। নথিগুলো যাচাই করে সংবাদমাধ্যমটি এ তথ্য প্রকাশ করে।নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রাজধানী র্যালির পুলিশ বিভাগ জানায়, গত ২২ মার্চ রাত ৯টা ৫২ মিনিটের দিকে গুলির একটি ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানতে পারে, একজন অজ্ঞাত ব্যক্তি ই-বাইকে করে এসে চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়ে। ওই গাড়িতে তখন তিনজন আরোহী ছিলেন।তদন্তের ধারাবাহিকতায় পুলিশ নিশ্চিত হয় যে গুলি ছোড়া ব্যক্তিটি অভিনেতা ইথান জেমিসন। তার বিরুদ্ধে ৯ মিলিমিটারের সেমি-অটোমেটিক হ্যান্ডগান ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগীদের পরিচয় আদালতের নথিতে গোপন রাখা হয়েছে এবং তাদের ই.এফ., জে.এম. ও কে.ডব্লিউ. হিসেবে উল্লেখ করা হয়েছে।ঘটনার পরপরই তদন্ত জোরদার করা হয় এবং ৮ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতে হাজির করার পর ৯ এপ্রিল তার জামিন আবেদন খারিজ করা হয়। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থলের তথ্য, প্রত্যক্ষদর্শীর বর্ণনা এবং ফরেনসিক বিশ্লেষণের ভিত্তিতেই ইথান জেমিসনের সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি চলন্ত অবস্থায় ই-বাইক ব্যবহার করে গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালান।এটি প্রথমবার নয় যে ইথান জেমিসন আইনগত জটিলতায় পড়েছেন। এর আগে ২০২৫ সালের মার্চে তাকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে ওই মামলায় দণ্ডও প্রদান করা হয়। মাত্র কয়েকদিন আগেই সেই মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানা গেছে।এই ধারাবাহিক ঘটনাগুলো তার ব্যক্তিগত জীবন ও পেশাগত ক্যারিয়ারকে নতুন করে বিতর্কের মুখে ফেলেছে। একসময় ‘দ্য হাঙ্গার গেমস’ সিনেমার মাধ্যমে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয়তা পাওয়া ইথান জেমিসন বর্তমানে একাধিক ফৌজদারি অভিযোগের কারণে আলোচনায় রয়েছেন।পুলিশ জানিয়েছে, মামলাটি এখনো তদন্তাধীন এবং এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ব্যবহৃত অস্ত্রের উৎস এবং ঘটনার পূর্বপরিকল্পনা নিয়েও অনুসন্ধান চলছে।#আর