ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘোড়াঘাটে দরিদ্র ও মেধাবী ২০২ শিক্ষার্থী পেল ১০ হাজার টাকা করে, ৬০ ছাত্রী পেল বাইসাইকেল

দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, আদিবাসী পরিবার এবং জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে বিতরণ করা হয়েছে বাইসাইকেল।শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।অনুষ্ঠানে ২০২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ ২০ হাজার টাকা, ৬৪ জন আদিবাসী পরিবার ও শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে এবং ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। পাশাপাশি ৬০ জন ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় বাইসাইকেল।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও রোগীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।এ ছাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঘোড়াঘাটে দরিদ্র ও মেধাবী ২০২ শিক্ষার্থী পেল ১০ হাজার টাকা করে, ৬০ ছাত্রী পেল বাইসাইকেল