চন্দনাইশে নিজ বাড়ি থেকে বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে আব্দুর রহমান (দানু মিয়া) নামে এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সোমবার (২৭ জুলাই) উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নগরপাড়া এলাকার কালা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুর রহমানের দুই ছেলে ও তাদের স্ত্রী দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছেন। প্রায় দেড় বছর আগে দীর্ঘ প্রবাসজীবনের ইতি টেনে তিনি দেশে ফিরে একাই নিজ বাড়িতে বসবাস শুরু করেন। নিজেই রান্নাবান্না করে জীবনযাপন করতেন। তিন ভাই-বোনের মধ্যে একজন ছাড়া বাকিরা সবাই মারা গেছেন। তার ছোট ভাই মালেক বর্তমানে প্রবাসে রয়েছেন।প্রতিবেশীরা জানান, সর্বশেষ গত শুক্রবার স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করতে দেখা যায় আব্দুর রহমানকে। এরপর টানা দুই থেকে তিন দিন তাকে এলাকায় না দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খোঁজ নিতে গিয়ে তার ঘরের ভেতরে গলিত মরদেহ দেখতে পান তারা। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।