ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেখ মারুফুর রহমান

শেখ মারুফুর রহমান

বরিশাল জেলা প্রতিনিধি


বরিশালে থ্রি-হুইলারের ধাক্কায় শিক্ষার্থী নিহত, নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও অবরোধ

বরিশাল নগরীতে থ্রি-হুইলারের ধাক্কায় শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে সহপাঠীদের বিক্ষোভ ও সড়ক অবরোধে পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর ব্যস্ত বিএম কলেজ রোড এলাকায় বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এবং তাৎক্ষণিকভাবে ন্যায়বিচার ও সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ জানায়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার স্কুল ছুটির পর অষ্টম শ্রেণির শিক্ষার্থী চৈতি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি থ্রি-হুইলারের ধাক্কায় গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও সেখানে প্রয়োজনীয় চিকিৎসা পেতে বিলম্ব হওয়ায় তার মৃত্যু হয় বলে দাবি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরদিন তারা সড়কে নেমে প্রতিবাদ জানায়। অনেক শিক্ষার্থী কান্নাজড়িত কণ্ঠে তাদের সহপাঠীর মৃত্যুর বর্ণনা দেয় এবং ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তির দাবি জানায়। বিক্ষোভকারীরা সড়ক নিরাপত্তা জোরদারের জন্য একাধিক দাবি তোলে। তারা বিদ্যালয়ের সামনে দ্রুত স্পিড ব্রেকার স্থাপন, যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ট্রাফিক পুলিশের উপস্থিতি বাড়ানো এবং অভিযুক্ত থ্রি-হুইলার চালককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ওই সড়কে বেপরোয়া যান চলাচল চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রশাসকের আশ্বাসের পর শিক্ষার্থীরা ধীরে ধীরে সড়ক অবরোধ তুলে নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এদিকে চৈতির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রাও সড়ক নিরাপত্তা জোরদার, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক ঘটনার শিকার হতে না হয়।

বরিশালে থ্রি-হুইলারের ধাক্কায় শিক্ষার্থী নিহত, নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও অবরোধ