আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের গণসংযোগ, প্রচার ও প্রচারনা জমে উঠেছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–২ আসন (বিরল–বোচাগঞ্জ) এলাকায় শুরু হয়েছে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও ভোট প্রার্থনার কার্যক্রম। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন এবং নির্বাচনে সমর্থন চাইছেন।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের পক্ষে অবস্থানের কথা তুলে ধরে দাড়িপাল্লা প্রতীকের সমর্থকরা ভোট চাইছেন। গণসংযোগকালে তারা বলেন, “আমরা ন্যায়ের পক্ষে, সততা ও আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি।” তারা দাবি করেন, দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার ও নৈতিক মূল্যবোধ রক্ষা করা সম্ভব হবে।অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগে নেমে উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে। বিএনপি সমর্থকরা ভোটারদের উদ্দেশে বলেন, “আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। বেকারত্ব দূরীকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”প্রচারণাকালে ধানের শীষের সমর্থকরা আরও জানান, রাষ্ট্র পরিচালনায় অতীত অভিজ্ঞতার আলোকে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের জীবনমান উন্নয়ন, কৃষি ও শিল্পখাতে অগ্রগতি এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।এদিকে নির্বাচনী প্রচারণা ঘিরে দিনাজপুর–২ আসনের বিভিন্ন হাটবাজার, গ্রাম ও জনবহুল এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন। সাধারণ ভোটারদের মাঝেও নির্বাচন নিয়ে আগ্রহ ও আলোচনা বেড়েছে।স্থানীয়রা জানান, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুর–২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা আগামী দিনগুলোতে আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।