ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এমারত হোসেন সরকার বকুল

এমারত হোসেন সরকার বকুল

স্টাফ রিপোর্টার


রোযার আগে হঠাৎ লে-অফ ঘোষণা: শ্রমিকদের অসন্তোষ

গাজীপুরের রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানায় হঠাৎ লে-অফ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কারখানার মূল ফটকে লে-অফ সংক্রান্ত নোটিশ টানানো হলে শ্রমিকরা বিষয়টি জানতে পারেন। এরপর কারখানা খোলার দাবি জানিয়ে শ্রমিকরা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।কারখানার শ্রমিক মশিউর রহমান জানান, রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডে সাত শতাধিক শ্রমিক কাজ করেন এবং মালিকপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের সুসম্পর্ক রয়েছে। তবে চলতি মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। তিনি বলেন, “আজ সকালে কারখানায় এসে দেখি হঠাৎ লে-অফ ঘোষণা করা হয়েছে। সামনে রোজা ও ঈদ। এই অবস্থায় পরিবার নিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করব। আলোচনা ফলপ্রসূ না হলে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।”কারখানার সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত ছিলেন গাজীপুর শিল্প পুলিশ-এর সদস্যরা। শিল্প পুলিশের ইনস্পেক্টর বিকাশ চৌধুরী জানান, কারখানার সামনে লে-অফ নোটিশ টানানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।কারখানা কর্তৃপক্ষের ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন বিভাগ) স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত কয়েক মাস ধরে ক্রেতাদের অর্ডারের বিপরীতে কাঁচামাল সংগ্রহে বিলম্ব ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে অর্ডার কমে গেছে এবং অনেক অর্ডার বাতিল হয়েছে। একই সঙ্গে নতুন অর্ডার না পাওয়ায় উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।নোটিশে আরও বলা হয়, এই পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হলো। লে-অফ চলাকালীন শ্রমিকদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে এবং এ সময়ে তাদের কর্মস্থলে উপস্থিত থাকার প্রয়োজন নেই। তবে কারখানার নিরাপত্তা বিভাগের কর্মীরা এই লে-অফের আওতার বাইরে থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে কারখানার ডিজিএম মোহাম্মদ শাহীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হঠাৎ লে-অফ ঘোষণায় শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং বিষয়টি গাজীপুর শিল্পাঞ্চলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রোযার আগে হঠাৎ লে-অফ ঘোষণা: শ্রমিকদের অসন্তোষ