রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। এ সময় একজনের কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—মামুন (২০), রুবেল (৩৬), আওয়াল শেখ (৩৫), মো. মনির হোসেন (২৪) ও ইয়াসিন আলী (২২)।
এসআরইউ সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক সড়কের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে মামুন ও রুবেলকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে মামুনের কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর প্রায় ৩৫ মিনিট পর রাত ১০টা ৫ মিনিটে একই এলাকায় পৃথক অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে আওয়াল শেখকে গ্রেফতার করে পুলিশ।
পরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে মনির হোসেন ও ইয়াসিন আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উদ্ধারকৃত গাঁজাসহ তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
