যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি 'ড্যাগার আরিফ' গ্রেফতার

28 Nov 2026, 01:10 · আবু সাঈদ — নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যাত্রাবাড়ী থানা সাংগঠনিক সম্পাদক অপূর্ব আরিফ ওরফে ‘ড্যাগার আরিফ’ (৩০)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে বিশেষ অভিযান চালিয়ে জনপদ মোড় এলাকার আইডিয়াল স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত অপূর্ব আরিফ ওরফে ড্যাগার আরিফ যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী হত্যা মামলার এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।