নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মাসুদ (৫২) মিয়ার ছেলে। তার বাবা নগদ অফিসে চাকরি করেন।
বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন জানান, তৃতীয় শীতলক্ষ্যা সেতুর মদনগঞ্জগামী লেনে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই চালক নিঝুমের মৃত্যু হয় এবং তার বন্ধু ফারহান আহত হন।তিনি আরো জানান, নিহতের মাথা, গলা, হাত ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিঝুমের মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়াও আহত ফারহানকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিঝুম অনার্সে পড়াশোনা করতেন। আগামী ফেব্রুয়ারিতে তার জাপান যাওয়ার কথা ছিল। সে লক্ষ্যে তিনি জাপানি ভাষাও শিখেছিলেন। বিদেশে যাওয়ার প্রস্তুতির মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুনের মৃত্যু, বন্ধু আহত
07 Nov 2026, 06:47 · মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
