তাড়াশে সরকারি গাছ সাবাড়, নেপথ্যে দুই প্রভাবশালী
04 Nov 2026, 15:05 · মোঃ রুহুল আমিন — চলনবিল প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের মেলাপাড়া গ্রামে সরকারি জায়গা থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের চারটি ইউক্যালিপটাস গাছ রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। গত শুক্রবার রাতে এই গাছগুলো কেটে ফেলা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, মেলাপাড়া গ্রামের তোকাব্বরের ছেলে গোলাম রব্বানী এবং শিবপাড়া গ্রামের বাদশা মোল্লার ছেলে মুকুল হোসেনের নেতৃত্বে সরকারি জায়গার এই গাছগুলো কাটা হয়েছে।স্থানীয় বাসিন্দা ও তালম গ্রামের রেজাউল মাস্টার জানান, রাতের বেলায় গাছ কাটার শব্দ পেয়ে জনস্বার্থে তিনি সেখানে গিয়ে বাধা দেন। এ সময় অভিযুক্ত দুই ব্যক্তি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ভয়ে ও নিরাপত্তাহীনতায় তখন তিনি সরে আসতে বাধ্য হন।এ বিষয়ে তালম ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, "ঘটনাটি জানার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা সহকারী কমিশনারকে (ভূমি) লিখিতভাবে জানানো হয়েছে।"স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে সরকারি গাছ কেটে নিয়ে প্রভাবশালীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছেন। প্রতিবাদ করায় সাধারণ মানুষকে হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অতি দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে এখনো লিখিত প্রতিবেদন হাতে পাননি। প্রতিবেদন পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।এদিকে গাছ কেটে নেওয়ার পর থেকেই অভিযুক্ত গোলাম রব্বানী ও মুকুল হোসেন আত্মগোপনে (পলাতক) রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।