তাড়াশে পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

18 Nov 2026, 18:33 · মোঃ রুহুল আমিন — চলনবিল প্রতিনিধি


সিরাজগঞ্জের তাড়াশে পুকুরপাড় থেকে এরশাদ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ডাঙ্গা পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
নিহত এরশাদ তাড়াশ উপজেলার কালুপাড়া গ্রামের মাজেদ আলীর ছেলে। তাঁর বয়স ছিল (৩৫) বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাঁশবাড়িয়া গ্রামের ডাঙ্গা পুকুরপাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে দুর্বৃত্তরা এরশাদকে হত্যা করেছে। হত্যার পর মরদেহটি বৈদ্যুতিক তার দিয়ে পেঁচিয়ে পুকুরপাড়ে ফেলে রাখা হয়েছে বলে মনে করছেন তাঁরা। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাম জাফর জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।