তাড়াশে আওয়ামী লীগের গোপন তৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

14 Nov 2026, 11:45 · মোঃ রুহুল আমিন — চলনবিল প্রতিনিধি


কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের গোপন তৎপরতা এবং দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার ৪ নম্বর মাগুড়া বিনোদ ইউনিয়নের মান্নান নগর বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।বিক্ষোভ মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা যেকোনো ধরনের নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দেন।পরে অস্থায়ী কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে সংগঠিত হয়ে জনমনে আতঙ্ক ও দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।