সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৮

25 Nov 2026, 14:49 · ইফতেখার আহমেদ জুলহাস — সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক নেতা-কর্মীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলার একাধিক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবনের অপরাধে মামরকপুরের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ হানিফ এবং পঞ্চবটির জামালের ছেলে মোঃ আশরাফকে গ্রেপ্তার করা হয়।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয় চারজনকে। তারা হলেন- আব্দুল জব্বার ভূইয়া (৪২), জামপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক, সজল (৩০), কাঁচপুর ইউনিয়ন ০৪নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য, মোঃ আলমগীর হোসেন (৪৭), সোনারগাঁ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মোঃ নবীর হোসেন (৫০), সোনারগাঁ পৌরসভা ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এ ছাড়া চুরি মামলায় বরিশাল কোতোয়ালী থানার লঞ্চঘাট এলাকার জাকির হাওলাদারের ছেলে মিজানুর হাওলাদার বাদশাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করাহ হয় চৌধুরী গাঁও এর মৃত ছিটু মোল্লার ছেলে গিয়াস উদ্দিনকে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।