মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব মহারাসলীলা। পূর্ণিমার স্নিগ্ধ আলো, খোল-করতালের সুর ও নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে মণিপুরী পল্লিগুলো। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও দর্শনার্থীরা এ উৎসবে অংশ নেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়ামণ্ডপ এবং আদমপুর ইউনিয়নের তেতইগাঁওয়ে পৃথকভাবে মহারাসলীলা উৎসবের আয়োজন করা হয়। দুপুরে রাখাল নৃত্য বা গোষ্ঠলীলার মাধ্যমে মূল ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। বুধবার ভোর পর্যন্ত চলে রাসনৃত্যসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা।
মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে মাধবপুরের শিববাজার জোড়ামণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ১৮৪তম মহারাসলীলা অনুষ্ঠিত হয়। অন্যদিকে আদমপুরের তেতইগাঁওয়ে মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে পালিত হয় ৪১তম রাস উৎসব।
উৎসব উপলক্ষে মণিপুরী পল্লিগুলো সাজানো হয় বর্ণিল সাজে। ঐতিহ্যবাহী পোশাক, অলংকার, খোল, করতাল ও মৃদঙ্গের তালে পরিবেশিত নৃত্য দর্শনার্থীদের মুগ্ধ করে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
মঙ্গলবার রাতে মাধবপুর জোড়ামণ্ডপে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
এ ছাড়া সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকেরা জানান, দুপুরে গোষ্ঠলীলার মধ্য দিয়ে উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ পর্বে রাখালবেশে নৃত্যশিল্পীরা শ্রীকৃষ্ণের বাল্যকালের বিভিন্ন ঘটনা নৃত্যের মাধ্যমে তুলে ধরেন। গোধূলি পর্যন্ত চলে রাখাল নৃত্যের পরিবেশনা।
রাত ১১টার দিকে শুরু হয় মহারাসলীলার মূল নৃত্যানুষ্ঠান। এতে শ্রীকৃষ্ণ ও গোপীদের প্রেম, ভক্তি এবং ধর্মীয় কাহিনি গান, সুর ও নৃত্যের মাধ্যমে উপস্থাপন করেন শিল্পীরা। ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারে সজ্জিত নৃত্যশিল্পীদের পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।
মহারাসলীলা উপলক্ষে মাধবপুর ও আদমপুরের বিভিন্ন এলাকায় বসে গ্রামীণ মেলা। সেখানে ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, খাবারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজান ব্যবসায়ীরা। উৎসবে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে মেলাপ্রাঙ্গণও হয়ে ওঠে মুখর।
বিপুল জনসমাগমের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উৎসব চলাকালে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মণিপুরী সম্প্রদায়ের কাছে মহারাসলীলা কেবল ধর্মীয় উৎসব নয়, বরং নিজস্ব ভাষা, সংস্কৃতি, সংগীত ও নৃত্যকলার ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ মাধ্যম। দীর্ঘদিনের এই আয়োজন নতুন প্রজন্মের কাছে মণিপুরী সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সাংস্কৃতিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।
ধর্মীয় আনুষ্ঠানিকতা, লোকজ সংস্কৃতি ও দর্শনার্থীদের মিলনমেলায় এবারের মহারাসলীলা উৎসবও কমলগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্যে যোগ করেছে নতুন মাত্রা।
