শিশুর যত্নের দায়িত্বে কাজের বাইরে শহরের প্রতি ১০ জনে ৪ নারী

14 Nov 2026, 20:44 · নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের শহরাঞ্চলে শ্রমশক্তির বাইরে থাকা নারীদের প্রতি ১০ জনের মধ্যে চারজন কাজ না খোঁজার প্রধান কারণ হিসেবে সন্তান লালন-পালনের দায়িত্বকে উল্লেখ করেছেন। বিশ্বব্যাংকের একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত জাতীয় শিশুযত্ন সম্মেলনে গবেষণার ফল তুলে ধরা হয়।

‘Childcare in Bangladesh: What Families Need, What Providers Deliver, and Where the Gaps Remain’ শীর্ষক গবেষণাটি উপস্থাপন করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের জেন্ডার ইনোভেশন ল্যাবের অর্থনীতিবিদ কেট ভাইবোর্নি।

গবেষণার অংশ হিসেবে গ্রাম, শহর ও আধা শহুরে এলাকার ৪ হাজার ৭০০ পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। এ ছাড়া ঢাকার ৫১৪টি শিশুযত্ন সেবাদাতা প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করা হয়। এর মধ্যে ৩৩৫টি প্রতিষ্ঠানের ওপর বিস্তারিত জরিপ চালানো হয়।

গবেষণায় দেখা গেছে, শহরাঞ্চলের জরিপে অংশ নেওয়া মাত্র শূন্য দশমিক এক শতাংশ নারী আনুষ্ঠানিক ডে-কেয়ার সেবা ব্যবহার করেন। অন্যদিকে প্রায় ২০ শতাংশ নারী পরিচর্যাকারীর বাড়িতে শিশুযত্নের ব্যবস্থার ওপর নির্ভর করেন।

অনানুষ্ঠানিকভাবে পরিচালিত অনেক শিশুযত্ন ব্যবস্থায় পর্যাপ্ত প্রশিক্ষণ, নিরাপত্তা ও মাননিয়ন্ত্রণের ঘাটতি রয়েছে। সরকারি ডে-কেয়ার সেন্টারগুলোতে তুলনামূলকভাবে প্রশিক্ষিত কর্মী ও ভালো অবকাঠামো পাওয়া গেলেও সেগুলোর অবস্থান ও আসনসংখ্যা অনেক পরিবারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিশ্বব্যাংকের গবেষণায় বিশ্বস্ত, সাশ্রয়ী ও বাড়ির কাছাকাছি শিশুযত্নসেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে শুধু ডে-কেয়ার সুবিধা তৈরি করলেই নারীদের কর্মসংস্থান বাড়বে না; পারিবারিক দৃষ্টিভঙ্গি এবং নারীদের কাজ করার সামাজিক সুযোগও গুরুত্বপূর্ণ।

গবেষণার সুপারিশ অনুযায়ী, প্রশিক্ষিত পরিচর্যাকারী তৈরি, নিম্ন আয়ের পরিবারের জন্য আর্থিক সহায়তা, শিশুযত্ন কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি এবং সেবার মান পর্যবেক্ষণ একসঙ্গে এগিয়ে নিতে হবে।