লেটের চেঙ্গেরখাল নদী যেন পরিণত হয়েছে বালু লুটের অভয়ারণ্যে! দিনের আলো ফুরালেই রাতের আঁধারে শুরু হয় নদীর বুক চিরে বালু উত্তোলনের মহোৎসব। অভিযোগ রয়েছে, খাদিমনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মটরঘাট এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র ইজারা ছাড়াই নদী থেকে বালু তুলে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আর এই কারবারের নেপথ্যে রয়েছেন রামপুর ঘোড়ামারা গ্রামের আবুল কালামের ছেলে সেলু এবং ৮ নম্বর ওয়ার্ডের এরারটোক গ্রামের জামালের ছেলে ফখরুল।
স্থানীয় সূত্রের অভিযোগ, কাদির মিয়ার বাড়ির পাশের নদী থেকে প্রতিদিন রাতের আঁধারে ৮ থেকে ১০টি নৌকায় বালু উত্তোলন করা হয়। প্রতিটি নৌকা থেকে ২ থেকে ৩ হাজার টাকা করে আদায়ের অভিযোগ রয়েছে সেলু ও ফখরুলের বিরুদ্ধে। অর্থাৎ, প্রতিরাতে হাজার হাজার টাকার এই কারবার চললেও নদীর সম্পদ রক্ষায় কার্যকর নজরদারি কোথায় এমন প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চলার পরও দৃশ্যমান প্রতিরোধ না থাকায় স্থানীয়দের ক্ষোভ বাড়ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ার পর অবশেষে নড়েচড়ে বসে প্রশাসন।
এরই ধারাবাহিকতায় ২৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মটরঘাট এলাকায় অভিযান চালায় সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা দ্রুত সটকে পড়ে। এ সময় উত্তোলনে ব্যবহৃত নৌযান আটক করতে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখার চেষ্টা করা হলে নৌযানে থাকা লোকজন ওপর পাশের দড়ি খুলে দ্রুত পালিয়ে যায়। শেষ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে এই অভিযান নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে নদীর বুকে রাতভর বালু উত্তোলন চললে সংশ্লিষ্টদের চোখে পড়ে না কেন? কারা চালাচ্ছে এই বালুর কারবার? নৌকাপ্রতি অর্থ আদায়ের অভিযোগের পেছনে রয়েছে কারা? আর এতদিন ধরে চলা এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি কেন?
অন্যদিকে, অবৈধ বালু উত্তোলন ও অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে নদীর স্বাভাবিক গতিপ্রকৃতি ব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের আশঙ্কা, এভাবে নদীর বুক নির্বিচারে খুঁড়ে বালু লুট চলতে থাকলে একসময় বসতবাড়ি, ফসলি জমি ও নদীর পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।
স্থানীয় সূত্রের দাবি, কাদিরের বালু উত্তোলন কার্যক্রমের সঙ্গে সেলু ও ফখরুল ছাড়াও নাড়ু এবং সুজিদ নামের ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফখরুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রতিবেদকের পরিচয় জানার পর তিনি কোনো বক্তব্য না দিয়েই সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্যদিকে সেলু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় কাদিরের ওপর চাপান। কাদির এসব কর্মকাণ্ডে জড়িত নন দাবি করলেও নিজেই সেলু ফখরুল সুজিদ ও নাড়ু বালু উত্তোলন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা বলেন।
প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি, বিচ্ছিন্ন অভিযান নয় অবৈধ বালু উত্তোলনের মূল হোতা, অর্থ আদায়কারী এবং নেপথ্যের সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি নৌকাপ্রতি অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে এর অর্থনৈতিক লেনদেনের উৎস ও গন্তব্যও খতিয়ে দেখতে হবে।
