সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে ২০ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৬৭২টি ভারতীয় কম্বলসহ একটি কাভার ভ্যান আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। এ ঘটনায় আসিব মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৪টা ৫ মিনিটে সিলেটের এমসি কলেজের প্রধান ফটকের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহপরান (রহ.) থানার এসআই মাইনুল রেজার নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্টে ঢাকা মেট্রো-ট-১১-৮৬১০ নম্বরের একটি কাভার ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভ্যানের ভেতর থেকে বিভিন্ন রং ও সাইজের ডাবল পার্টের ৬৭২টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ১৬ হাজার টাকা।
গ্রেপ্তার আসিব মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মেরি গোপিনাথপুর এলাকার লুৎফুর রহমান মোল্লার ছেলে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৯, তারিখ ৫ নভেম্বর ২০২৬। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
সিলেটে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কাভার ভ্যান আটক, গ্রেপ্তার ১
05 Nov 2026, 18:52 · মোঃ জামাল উদ্দিন — Staff Reporter
