হেমন্তের হিমেল হাওয়ার সঙ্গেই কিশোরগঞ্জে শুরু হয়েছে স্কুল ও কলেজের বার্ষিক এবং চূড়ান্ত পরীক্ষা। বছরের শেষ এই গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীরা যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে মগ্ন, ঠিক তখনই পাড়া-মহল্লায় উচ্চ শব্দে শুরু হওয়া ওয়াজ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠান শিক্ষার্থীদের পড়াশোনায় তীব্র বিঘ্ন ঘটাচ্ছে। এতে চরম ভোগান্তি ও মানসিক চাপে পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
সরেজমিনে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে জেলার প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। বছরের পুরো পরিশ্রমের মূল্যায়ন এই পরীক্ষায় ভালো ফলাফলের আশায় শিক্ষার্থীরা দিন-রাত এক করে পড়ার টেবিলে সময় দিচ্ছেন। সন্তানদের দেখভাল ও পড়াশোনার পরিবেশ ঠিক রাখতে অভিভাবকরাও পার করছেন ব্যস্ত সময়। তবে শীতের শুরুতেই শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামাঞ্চলের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও পাড়া-মহল্লায় শুরু হয়েছে ওয়াজ মাহফিলের আয়োজন।
আয়োজকদের পক্ষ থেকে রাতভর উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক ব্যবহার করায় আশপাশের এলাকায় শব্দদূষণ তীব্র আকার ধারণ করেছে। ফলে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা অসম্ভব হয়ে পড়ছে। নাম প্রকাশ না করার শর্তে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের আবাসিক হলে থাকা একাধিক শিক্ষার্থী আক্ষেপ প্রকাশ করে বলেন, "পরীক্ষার ঠিক আগমুহূর্তে উচ্চ শব্দে মাইক বাজানোর কারণে পড়ার টেবিলে বসা দায় হয়ে পড়েছে। আমরা ধর্মীয় অনুষ্ঠানের বিপক্ষে নই, বরং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমাদের সব পরীক্ষা শেষ হয়ে যাবে। তখন আমরা নিজেরাও স্বতঃস্ফূর্তভাবে এসব মাহফিলে অংশ নিতে পারব।"
শিক্ষার্থীদের এই ভোগান্তির সঙ্গে একমত পোষণ করেছেন অভিভাবকরাও। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, একটি শিক্ষাবর্ষের ফলাফল শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে যদি একটু সুদৃষ্টি দেওয়া হয় এবং পরীক্ষা চলাকালীন মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর এ ধরনের আয়োজনের অনুমতি দেওয়া হয়, তবে ধর্মীয় ভাবগাম্ভীর্যও বজায় থাকবে এবং শিক্ষার্থীরাও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবে।
সচেতন মহলের মতে, ধর্মীয় অনুষ্ঠান ও শিক্ষার পরিবেশ—দুটোই সমাজের জন্য অপরিহার্য। তবে সুষ্ঠু সমন্বয়ের অভাবে যেন শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পরীক্ষা চলাকালীন শব্দনিয়ন্ত্রণ ও সময় সমন্বয়ের ব্যাপারে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা।
