পাকুন্দিয়ায় স্বপ্নের ডানায় মেধার ওড়াউড়ি: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

27 Nov 2026, 17:23 · সৈয়দ মইনুল হোসেন — কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

শীতের মিষ্টি রোদ গায়ে মেখে কচি মুখগুলোর চোখেমুখে তখন স্বপ্নের ঝিলিক। কলমের আঁচড়ে সাদা কাগজে ফুটে উঠছে আগামীর সম্ভাবনা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এমনই এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা’।

​প্রত্যন্ত অঞ্চলের সুপ্ত প্রতিভা অন্বেষণ এবং কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলার মহৎ উদ্দেশ্য নিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চর পাকুন্দিয়া মডার্ন স্কুল কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ২৪০ জন ক্ষুদে শিক্ষার্থী এতে অংশ নেয়।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বোরহান উদ্দীনের উদ্যোগে ১০০ নম্বরের এই মেধা যাচাই পরীক্ষাটি সাজানো হয় পাঁচটি বিষয়ের সমন্বয়ে—যার মধ্যে গণিতে ৩০, বাংলা ও ইংরেজিতে ২০ করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ১৫ নম্বর করে বরাদ্দ ছিল।

​আয়োজক সূত্রে জানা গেছে, ফরম সংগ্রহকারী প্রায় ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে ২৪০ জন পরীক্ষায় অংশ নেয়। মেধার ভিত্তিতে সেরা ৫০ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্তদের জন্য থাকছে এককালীন অর্থ, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট। এছাড়া সেরাদের সেরা প্রথম স্থান অধিকারীর জন্য রয়েছে একটি কম্পিউটার, দ্বিতীয় স্থান অধিকারীর জন্য একটি বাইসাইকেল এবং তৃতীয় স্থান অধিকারীর জন্য একটি পড়ার টেবিল।

পরীক্ষাকেন্দ্রের সুশৃঙ্খল ও মনোরম পরিবেশ মুগ্ধ করেছে শিক্ষার্থী ও অভিভাবকদের। পরীক্ষার্থী তসফুল আলম ও মোবাশশিরা আক্তার সারা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, নতুন ধরনের প্রশ্নের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি কম্পিউটার ও সাইকেলের মতো আকর্ষণীয় পুরস্কার তাদের ভালো ফলাফলের অনুপ্রেরণা জোগাচ্ছে।

​অভিভাবক ইসরাত আরা সুবর্ণা ও মোহাম্মদ শহীদুল্লাহ জানান, বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এমন প্রতিযোগিতামূলক আয়োজন শিশুদের জড়তা কাটাতে এবং নিজেদের যোগ্যতা যাচাইয়ে দারুণ ভূমিকা রাখবে।

পরীক্ষার হল সুপার আল আমীন জানান, প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে মূল্যায়ন—প্রতিটি ধাপে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হবে এবং আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে ফলাফল প্রকাশ করা হবে। দায়িত্বরত শিক্ষক রাকিব মনে করেন, এ আয়োজন গ্রামীণ শিক্ষার্থীদের মেধা বিকাশে মাইলফলক হয়ে থাকবে।

​কল্যাণ ট্রাস্টের আহ্বায়ক আজহারুল ইসলাম পলাশ বলেন, প্রান্তিক পর্যায়ের শিশুদের আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। অন্যদিকে, ট্রাস্টের চেয়ারম্যান বোরহান উদ্দীন প্রথম আয়োজনেই এমন অভাবনীয় সাড়ায় আনন্দ প্রকাশ করে ঘোষণা দেন, আগামী বছর থেকে প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার নিয়মিতভাবে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

​পাকুন্দিয়ার শিক্ষানুরাগী মহলের মতে, বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রামীণ শিক্ষাব্যবস্থায় এক নতুন প্রাণের সঞ্চার করেছে, যা অসংখ্য ক্ষুদে শিক্ষার্থীর স্বপ্ন পূরণের সিঁড়ি হয়ে থাকবে।