নওগাঁয় ভ্যানে করে দুই শ্যালো মেশিন চুরি, ভ্যানসহ দুইজন গ্রেপ্তার

22 Nov 2026, 13:49 · মোঃ কামরুল হাসান জীবন — নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁয় পুলিশের অভিযানে চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি ভ্যান ও দুটি শ্যালো মেশিনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) নওগাঁ সদর মডেল থানা পুলিশের অভিযানে সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয় জনগণের সহযোগিতায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী এলাকার মৃত আজাহারের ছেলে মাসুদ রানা মাসুম (৩১) এবং একই এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে মো. নিলয় হোসেন (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ভ্যানে করে দুটি শ্যালো মেশিন নিয়ে যাওয়ার পথে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা শ্যালো মেশিন দুটি আত্রাই এলাকা থেকে চুরি করে এনেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শ্যালো মেশিন দুটির প্রকৃত মালিক শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।