নওগাঁর ধামইরহাটে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ নুরুজ্জামান (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বস্তাবর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬২/২-এস থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বস্তাবর দাখিল মাদ্রাসার পাশের সড়কে অভিযান চালায়। এ সময় ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ নুরুজ্জামানকে আটক করা হয়। আটক নুরুজ্জামান ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের মল্লাই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল সাত্তার।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নওগাঁর ধামইরহাটে মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ
10 Nov 2026, 17:22 · মোঃ কামরুল হাসান জীবন — নওগাঁ জেলা প্রতিনিধি
