নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার

08 Nov 2026, 09:47 · মোঃ কামরুল হাসান জীবন — নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৮ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার চৌধুরীপাড়া এলাকায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭১/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানার চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে বিজিবি টহলদল।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।