কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির তিন অভিযানে ইয়াবা-গাঁজা জব্দ, আটক ১

21 Nov 2026, 18:11 · লালমনিরহাট জেলা প্রতিনিধি


কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭৭ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২০ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন বাগভান্ডার, বালারহাট ও কাশিপুর বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিক্স স্ট্রাইক’ কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানগুলো পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপির দায়িত্বপূর্ণ খয়রার মোড় এলাকায় আকস্মিক চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালিয়ে ২১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মো. আব্দুল গফুর মিয়া (৩৮)। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রাঙ্গালীবস গ্রামের মো. মনসুর আলীর ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তাঁকে আটক করে বিজিবির টহলদল।

একই দিন রাত ৮টা ৫০ মিনিটে ফুলবাড়ী উপজেলার বালারহাট বিওপির আওতাধীন পশ্চিম বালাটারী এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত এলাকা থেকে ১০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেন বিজিবি সদস্যরা।

অপর একটি অভিযানে ফুলবাড়ী উপজেলার কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ ধর্মপুর এলাকা থেকে ১১০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবির সরবরাহ করা তথ্য অনুযায়ী, অভিযানটি রাত ১২টা ৪০ মিনিটে পরিচালিত হয়।

তিনটি অভিযানে মোট ১৩১ পিস ইয়াবা ও ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৭ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বিজিবি।

এ ঘটনায় আটক আব্দুল গফুর মিয়ার বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করে তাঁকে জব্দ করা মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকপাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদকপাচার ও পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ঠেকাতে অভিযান পরিচালনার পাশাপাশি চোরাচালান চক্রের তৎপরতা শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে।