কোটি টাকার প্রকল্পে দেদারসে চলছে নিম্নমানের খোয়া, কর্মকর্তার মুখে ‘নিয়মের’ বুলি

09 Nov 2026, 22:11 · মোঃ কামরুল হাসান জীবন — নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্তকরণ প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে সড়কের কাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের পাশাপাশি খোয়া তৈরির মিশ্রণে অতিরিক্ত পরিমাণে ইটের গুঁড়া বা রাবিশ ব্যবহারের দৃশ্য দেখা গেছে। এ ছাড়া কাজ চলাকালে ঘটনাস্থলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কোনো কর্মকর্তা বা কর্মচারীকে উপস্থিত থাকতে দেখা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, এত বড় বাজেটের একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজে মান নিয়ন্ত্রণ ও যথাযথ তদারকি নিশ্চিত করা জরুরি। অথচ মাঠপর্যায়ে কাজের মান নিয়ে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট দপ্তরের তদারকির ঘাটতি দেখা যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সড়ক প্রশস্তকরণ কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট ও খোয়া। খোয়ার সঙ্গে মিশ্রণের সময় উল্লেখযোগ্য পরিমাণে রাবিশ বা ইটের ধূলিকণা ব্যবহার করা হচ্ছে। এতে নির্মাণকাজের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে ব্যবহৃত নির্মাণসামগ্রী প্রকল্পের নির্ধারিত মান পূরণ করছে কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
সাধারণত সড়ক নির্মাণকাজের মান বজায় রাখতে সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের নিয়মিত তদারকি ও কারিগরি নির্দেশনা প্রয়োজন। কিন্তু সরেজমিনে কাজ চলার সময় এলজিইডির কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি।
এ বিষয়ে মান্দা উপজেলা এলজিইডি কর্মকর্তা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদেরের বক্তব্য জানতে গেলে তাঁর সঙ্গে কথা হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নওগাঁর সাংবাদিকদের নেতিবাচক মানসিকতার বলে মন্তব্য করেন। এমনকি নওগাঁর মানুষ ও সাংবাদিকদের দৃষ্টিভঙ্গি নিয়েও বিরূপ মন্তব্য করেন তিনি।
তবে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ওই কর্মকর্তা দাবি করেন, তাঁর উপজেলায় কোনো কাজই খারাপ হচ্ছে না এবং সব কাজ নিয়ম মেনেই সম্পন্ন হচ্ছে। তাঁর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কাজের স্থানে উপস্থিত থেকে তদারকি করছেন বলেও জানান তিনি।
কিন্তু সরেজমিনে পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিতি কিংবা তদারকির বিষয়টি প্রত্যক্ষ করা যায়নি। ফলে তাঁর বক্তব্য ও মাঠপর্যায়ের বাস্তব চিত্রের মধ্যে অসংগতি দেখা দিয়েছে।
উল্লেখ্য, মান্দা উপজেলার জলছত্র থেকে পাঁজরভাঙা জিসি সড়ক পর্যন্ত সড়কটি প্রশস্তকরণ করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় প্রায় ২১ কোটি টাকা। বিপুল অর্থের এ প্রকল্পে নির্মাণসামগ্রীর গুণগত মান নিশ্চিত করা এবং নিয়মিত তদারকি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকল্পের নির্মাণসামগ্রীর মান পরীক্ষা, কাজের সঠিক পরিমাপ ও অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে টেকসই সড়ক নির্মাণের আহ্বান জানিয়েছেন তাঁরা।